টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রবল চাপে পড়ে অবশেষে তিন দিনের ডেটা প্যাকেজেদের দামে সাত দিনের প্যাকেজ সমন্বয় করেছে মোবাইল ফোন অপারেটরগুলো।
অপারেটরদের প্রতি নির্দেশনা ছিল, শুক্রবারের (১০ নভেম্বর) মধ্যে ৩ দিনের মেয়াদের প্যাকেজগুলোর মেয়াদ ৭ দিন করতে হবে। এছাড়া যেসব প্যাকেজের দাম বেড়েছে সেগুলোকে ১৪ অক্টোবরের পূর্ববর্তী অবস্থায় আনতে হবে।
গ্রাহক সংখ্যায় দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ১৪ অক্টোবরের আগের ৩ দিনের প্যাকেজগুলোর মূল্যের সঙ্গে ৭ দিনের প্যাকেজগুলো ডেটা ও মূল্যে সমানুপাতিক করে দিয়েছেন।
অপারেটরগুলো বলছে, তারা ৩ দিনের ডেটা প্যাকেজগুলোই হুবহু যে ৭ দিন মেয়াদের রেখেছে এমন নয়। তারা বর্তমান ৭ দিনের প্যাকেজের ডেটা ভলিউম বাড়িয়ে তা ৩ দিনের ডেটা প্যাকেজের দামের সমানুপাতিক করেছে।
তবে অপারেটরগুলো আসলে কী করেছে, তা জানতে চেয়েছে বিটিআরসি। শনিবার বিটিআরসি অপারেটরগুলো চিঠি দিয়ে ওইদিনই জানাতে বলেছে যে, তারা এই বিষয়ে কীভাবে কী বাস্তবায়ন করেছে।
মোবাইল অপারেটরগুলোর সংগঠন এমটবের মহাসচিব লে: কর্নেল মোহাম্মদ জুলফিকার (অবঃ) টেকশহর ডটকমকে বলেন, ‘গত ১৫ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশাবলী অনুযায়ী নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও অপেরেটররা তাদের ইন্টারনেট প্রোডাক্ট পোর্টফোলিও আপডেট করে। দুর্ভাগ্যবশত এর মাত্র ১৫ দিন পরে আবারও প্রোডাক্ট পোর্টফলিও পরিবর্তন করতে নতুন নির্দেশনাবলী দেয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার প্রতি শ্রদ্ধা রেখে আমরা ইতোমধ্যেই এই জটিল পোর্টফোলিও পরিবর্তন করেছি।’
বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার টেকশহর ডটকমকে বলেন, অপারেটররা কতটুকু কী করেছে তা জানতে চাওয়া হয়েছে। রোববার এটি পর্যালোচনা করা হবে। তা যদি ঠিকঠাক নির্দেশনা বাস্তবায়ন না করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বিটিআরসি।
মোস্তাফা জব্বার টেকশহর ডটকমকে বলছেন, ‘ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ করে এমএনওগুলোর প্রবণতা থাকে যে যত কম শ্রম ও রিসোর্স দিয়ে বেশি প্রফিট করা যায়। এটা এদের নীতি এবং সেভাবে তারা সামনে চলার চেষ্টা করে থাকে। কিন্তু তার বিপরীতে বিটিআরসি কিংবা আমার রোল দেখা হয় , তাহলে আমরা বলবো, হ্যা মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসা করতে তো মানা নেই। এতে প্রতিযেগিতাও আছে আবার কখনও কখনও মনোপলি তৈরির সুযোগ থাকে। কিন্তু আমাদের তো জনগণের স্বার্থের বাইরে যাওয়ার সুযোগ নেই। তাই অপারেটরগুলো যাই মনে করুক আমাদের অবস্থান হতে কিছু করার নেই।’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার কঠোর অবস্থান নিয়েছিলেন এই বিষয়ে। যেখানে অপারেটরদের সঙ্গে বৈঠকে ভর মজলিসে মন্ত্রী তাদের ভৎসনা করেন এবং তিনি ডেটা প্যাকেজের ‘দাম বৃদ্ধিকে’ নির্বাচনের আগে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।
আর ডেটা প্যাকেজের দাম কমানোর নির্দেশনা নিয়ে বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে মোবাইল ফোন অপারেটরগুলোর সিইওরা দেখা করার প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দেন চেয়ারম্যান। ইন্টারনেটের দাম কমানোর নির্দেশনা নিয়ে কোনো আলোচনা নয়, বলে দেন তিনি।
বিটিআরসির নতুন ডেটা নির্দেশিকায় ৩ দিনের ডেটা প্যাকেজ বন্ধে নিজেদের তীব্র আপত্তির পরও ১৫ অক্টোবর হতে তা বন্ধ করে দেয় মোবাইল ফোন অপারেটরগুলো। তারা নতুন ডেটা নির্দেশিকা কার্যকর করে। যেখানে অন্যতম বিষয় হলো ৩ ও ১৫ দিনের ডেটা প্যাকেজ বন্ধ করে দেয়া।
অনিচ্ছা নিয়েই ৩ দিনের প্যাকেজ সরাল অপারেটররা
এরপর ৩ দিনের যে ডেটা যেই দামে কিনতে পারতেন গ্রাহক সেই ডেটা ৭ দিন মেয়াদে সেই দামে আর কিনতে পারছিলেন না গ্রাহকরা। আর বিটিআরসি বলছে, ৩ দিনের মেয়াদে যে পরিমাণ ডেটা যে দামে দেয়া হত সেই ডেটা একই দামে ৭ দিন মেয়াদেও দিতে হবে। মানে, ৩ দিনের প্যাকেজগুলোর মেয়াদ শুধু বেড়ে ৭ দিন হবে।
আর অপারেটরগুলো বলছিল, তারা প্যাকেজগুলো বিটিআরসির অনুমোদন নিয়েই তো বাস্তবায়ন করেছেন। আর বেশি মেয়াদে ডেটার দাম তুলনামূলক বেশি, এটিই সাধারণত হয়ে আসছে।
from টেক শহর https://ift.tt/6Ji0N2q