আল-আমীন দেওয়ান : জাতীয় আইএসপি লাইসেন্স পেতে আবেদন করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।
বিসিসি বলছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণে তাদের এই লাইসেন্স দরকার।
আবেদনে তারা জানায়, জাতীয় টায়ার-৩ ডেটা সেন্টারের মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ই-সেবা দেয়া হচ্ছে। তারা ইনফো সরকার প্রকল্পের মাধ্যমে সারাদেশে ১৮ হাজার ১৩০ সরকারি দপ্তরে ই-সেবা দিচ্ছে। বিটিআরসির এসওএফ তহবিল দিয়ে ৬১৭ ইউনিয়নে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করছে। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূণ ভিডিও কনফারেন্সও তারা করে থাকে । আর এসব কার্যক্রমের জন্যই তাদের এই জাতীয় আইএসপি লাইসেন্স দরকার।
চলতি বছরের জুলাইয়ে এই লাইসেন্স চেয়ে আবেদন করে বিসিসি। অক্টোবরে তাদের লাইসেন্স দেয়ার পক্ষে সিদ্ধান্ত নেয় বিটিআরসি।
প্রথম দফায় বিসিসির এই আইএসপি লাইসেন্স ইস্যুর বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর বিষয়টি আরও পর্যালোচনার পর বিসিসিকে এই জাতীয় আইএসপি লাইসেন্স ইস্যুতে মত দেয় বিটিআরসি। এরজন্য সুপারিশসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে পূর্বানুমোদনের জন্য চিঠিও পাঠিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।
বিটিআরসি বলছে, নতুন আবেদন মূল্যায়ন কমিটি বিসিসির সব কাগজপত্র ঠিক পেয়েছে। এছাড়া অফিসও সরেজমিনে দেখেছে। শেষে কমিটি লাইসেন্স ইস্যুর পক্ষে মত দিয়েছে।
বিসিসির নামে এই লাইসেন্স আবেদন এবারই প্রথম। অনেক আগে বিসিসির ‘ডেভেলমেন্ট অব ইনফ্রাসট্রাকচার ফর আইটি অ্যাপ্লিকেশনস’ নামের একটি প্রকল্পের নামে সেন্ট্রাল আইএসপি লাইসেন্স ছিল। যার মেয়াদ ফুরিয়েছে ২০১৩ সালে। এরপর সেটি আর নবায়ন করা হয়নি। ফলে তা বাতিল করে দেয় বিটিআরসি।
from টেক শহর https://ift.tt/dzchbt4